স্টাফ রিপোর্টার: শনিবার দোহারের একমাত্র সরকারি কলেজ পদ্মা সরকারি কলেজের সম্মান শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনার্স শ্রেণির ২০১৭-১৮ সেশনের ৩টি বিভাগের মোট ১৩৬ জন শিক্ষার্থীকে অত্র অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল(অবঃ) অধ্যাপক ডাঃ এ আর খান বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্য অতিথিবৃন্দ পদ্মা কলেজে অনার্স কোর্সের শুরু হওয়া থেকে এই পর্যন্ত তাদের ত্যাগের ইতিহাস উল্লেখ করে অনার্স কোর্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অনার্স শ্রেণির কোর্স গুলোতে ভাল ফলাফল অর্জনের জন্য পাঠদানে নিয়োজিত সকল শিক্ষকদের ধন্যবাদ জানান। অচিরেই পদ্মা কলেজে মাস্টার্স কোর্স চালু করা হবে বলে অতিথিবৃন্দ উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে মো: জালাল হোসেন বলেন অচীরেই পদ্মা সরকারি কলেজে ক্যাডার প্রিন্সিপাল যোগদান করবেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা চাকুরির প্রতিযোগিতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং চাকুরি পাওয়ার জন্য সহযোগিতা করবেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী এবং এম.পি মহোদয়। অনুষ্ঠানের শেষে সম্মিলিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাফেজ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা ও জাপান অর্থ সংগ্রহ কমিটির সভাপতি জনাব এম এ রহিম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আব্দুর রউফ, পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা এবং ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামসুল হক বাচ্চু, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এ হান্নান খান, সাবেক গভর্নিং বডির সদস্য আব্দুর রাজ্জাক মিলন, মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো: আবদুল মোন্নাফ, পদ্মা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, অনার্সের ৩টি বিভাগের শিক্ষকমণ্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
