লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জ সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে পরিতোষ দাস (৩৫) নামের এক দুবাই প্রবাসীর আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিন কুসুমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, পরিতোষ দাস ৭ মাস পূর্বে দুবাই থেকে বাংলাদেশ আশার পর থেকেই স্ত্রী ইতি রানী দাসের সাথে সংসারে দাম্পত্য কলহ শুরু হয় । পরে স্ত্রীর সাথে অভিমান করে তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিতোষ দাসের বাবা পরেশ দাস বাড়ির পাশের ঝোপে গাছের সাথে গামছা প্যাচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আজগর হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।
