নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন মহান একুশে ফেব্রুয়ারি। এ দিনটি বাঙালির জীবনের সব চেতনার মূল উৎস। মাতৃভাষার মান রক্ষা করার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ হন রফিক, সালাম, বরকতসহ নাম না জানা আরও অনেকে। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, সিরাজ উদ্দিন সিরাজ, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান, হালিমা আক্তার লাবন্য প্রমুখ।
