নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে জনি (৩৬), জিহাদ (১৯) ও মিজানুর (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর আদালত এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা সবাই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলার নয়নশ্রী গ্রামের হারুনুর রশিদের ছেলে জনিকে ৯মাস, দেওতলা গ্রামের হাসানের ছেলে জিহাদকে ৬মাস ও একই গ্রামের লোকমান দেওয়ানের ছেলে মিজানুরকে ৬মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন আদালত।
নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আবু সাঈদ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে খেজুরবাগ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
