শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল গাফ্ফার রিপন (৪৩) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আগলা পোষ্ট অফিস এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঐ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার আগলা পোষ্ট অফিস এলাকায় একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঘরে বসে টিভি দেখছিলেন রিপন। ছবির বিঘ্ন ঘটায় টিভি চালু অবস্থায় বাড়ির দোতলায় ডিস সংযোগ ক্যাবল দাঁত দিয়ে কাটার চেষ্টা করছিলেন। এসময় শরীরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
