দোহার পৌরসভার মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

দোহার(ঢাকা) প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর পর দোহার পৌরসভার নির্বাচনের তফসিল ৬ জুন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ঢাকার দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। তারি ধারাবাহিকতায় ১২জুন রবিবার সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের পরিচালনা অধিশাখা-২’র উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচনের তফসিল অনুসারে ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ৩০ জুন যাচাই-বাছাই, প্রত্যাহার ৭ জুলাই ও ভোট গ্রহণ ২৭ জুলাই।

দোহার উপজেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনে মেয়র পদে একজন আবদুর রহমান আকন্দ মনোনয়ন পত্র গ্রহণ করেছে। সংরক্ষিত আসনে ২ নং ওয়াডের ফেরদোসী মনোনয়নপত্র গ্রহণ করেন এবং সাধারণ ওয়ার্ডে ১নং ওয়ার্ডের জন্য ৩ জন জাফর ইকবাল, সাদ্দাম হোসেন, মাহমুূদুল হান্নান পান্নু,২নং ওয়াডে জন্য ২ জন মোহাম্মদ আলী খান, আ.হামিদ ইনতাজ, ৪নং ওয়ার্ডের জন্য ২ জন মো. স্বপন, হামিদুর রহমান খান হিমু, ৫নং ওয়ার্ডের জন্য ১জন ফারুক আহমেদ, ৮নং ওয়াডের জন্য ৩জন মো.আব্দুল রহিম, শেখ মো, আলী, জাফর ইকবাল, ৯নং ওয়ার্ডের জন্য তিন জন কাউন্সিল ইসরাফিল গাজী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মোরাদ মনোনয়ন পত্র গ্রহণ করেন।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, কে হবেন নতুন পৌর মেয়র আর কারা হবেন নতুন কাউন্সিলর এ নিয়ে শুরু হয়েছে পৌর নাগরিকদের মধ্যে নানা জল্পনা কল্পনা। দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, পৌর নাগরিকরা দীর্ঘ ২২ বছর পর তাদের ভোটের অধিকার ফিরে পাচ্ছে। পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিতে এ নির্বাচন একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, নির্বাচন কমিশনার ৬জুন পৌরসভার নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করে। তারি ধারাবাহিকতায় আজকে রবিবার আমরা মনোনয়ন ফরম বিক্রি শুরু করি। দোহার পৌরসভার নির্বাচন নতুন সীমানা গেজেটে হবে। সেই ক্ষেত্রে যারা ৫নং ওয়ার্ডে ভোটার ছিল, তারা তো ৪নং ওয়ার্ডে চলে এসেছে। তারা কোন স্থানে ভোট দিবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের সব কিছু ঠিক করা আছে। নির্বাচনের আগে তা জনগণ জানতে পারবে। দোহারবাসীর সার্বিক সহযোগীতা থাকলে নির্বাচন কমিশন পৌরবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে।

তিনি আরো বলেন, এবারই প্রথম দোহার পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ইভিএম এ ভোট গ্রহণের বিষয় জানতে চাইলে তিনি বলেন দোহারে পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন যে ভাবে হয়েছে সেই ভাবেই দোহার পৌরসভার নির্বাচন হবে।

উল্লেখ্য, দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বেশ কয়েকটি মামলা হওয়ায় বিগত ২২ বছর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে ২০১৯ সালের ১৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *