সারাদেশে করোনা শনাক্ত ৮ হাজারের বেশি, মৃত্যু-১০

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনাসহ ওমিক্রন আতঙ্ক দেখা দিয়েছে । এরই মাঝে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৪ শত ৭ জনের। এ নিয়ে সারাদেশে মোট করোনা শনাক্ত হলো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে ও মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনার শনাক্ত হয়। এ নিয়ে দেশে সর্বমোট নমুনা পরীক্ষা দাঁড়ালো ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সাতজন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

এই সময়ে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪৭৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *