দোহারে আবারো অনিয়ন্ত্রিত ইজিবাইকে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সম্প্রতি ইজিবাইক দুর্ঘটনায় স্কুল ছাত্র সাজিদের মৃত্যুর রেশ না কাটতেই ইজিবাইকের অনিয়ন্ত্রিত ড্রাইভিং এর কারণে ঝরে গেলো আরও এক মাদরাসা ছাত্রীর প্রাণ। শনিবার (১১জানুয়ারি) সকালে মুকসুদপুর ইউনিয়নের মৌড়া খালপাড় নানাবাড়ি থেকে ফেরার পথে শামসু মাঝির বাড়ি সংলগ্ন মোড়ে ইজিবাইক দ্রুত মোড় ঘুরতে গেলে এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় সাদিয়া আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রী। এসময় সাদিয়া মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী দুবলি মাতৃসেবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে অবস্থা গুরুতর দেখে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেলে ভর্তির পর রাত ১০ টার দিকে সাদিয়া মারা যায়। সাদিয়ার বাড়ি দুবলি বাজার সংলগ্ন ব্রিজের পাশে। সে আ.সালাম বেপারীর মেয়ে। মৃত সাদিয়া দুবলি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসা মেশকাত শ্রেণির ছাত্রী ছিল। তার আকস্মিক মৃত্যুতে মাদরাসার সকল সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে দোহার থানায় ইজিবাইক ড্রাইভারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *