নবাবগঞ্জে ছুরিকাঘাতে আহত ৩ স্কুল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ছুরিকাঘাতে ৩ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় স্কুলগামী ৩ শিক্ষার্থী রাইয়ান, আফতাফ শেখ ও জিসান আহমেদের ওপর মাদকাসক্ত অজ্ঞাতনামা কিছু যুবক হামলা চালিয়ে ছুরি দিয়ে তাদের শরীরে বিভিন্ন অংশে আঘাত করে।

আহত রাইয়ানের চাচা মো. শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনায় আহত রাইয়ান বলে, আমি ও আমার সহপাঠী আফতাফ ও জিসান, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বলমন্তচর নজুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে, মাদকাসক্ত অজ্ঞাতনামা কিছু যুবক ওই স্থানে মাদক সেবন করছিল। আমরা তাদেরকে মাদক সেবন করা থেকে বিরত থাকার কথা বললে, তারা হঠাৎ ছুরি বের করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। আমরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে তখন ওরা নদী পথে পালিয়ে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই মৃত্যুঞ্জয় বলেন, আহত শিক্ষার্থীদের স্বজনরা বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *