ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক এনজিওকর্মীকে ক্যাবল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম আলামিন ইসলাম নয়ন (২৫)। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আলামিন বন্দরের পণ্যগারে এনজিওকর্মীর পাশাপাশি মাঝেমধ্যে আমদানিকারকদের কাছ থেকে মালামাল ক্রয় করে বেচাকেনা করতেন। তিনি দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহতের মামা সামসুর রহমান জানায়, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজ করা হয়। হঠাৎ দেখা যায় বাড়ির পাশে একটি গাছের নিচে তার মরদেহ পড়ে আছে। গলায় ক্যাবল জাতীয় কিছু পেঁচিয়ে মুখে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে সাজার দাবি জানান তিনি।
বেনাপোল বন্দরের ৩৭ নম্বর পণ্যগারের সহকারী ট্রাফিক পরিদর্শক সন্দীপ ভৌমিক জানান, নয়ন তার পণ্যগারে মাঝেমধ্যে কাজে সহযোগিতা করতেন। তবে এ হত্যার বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।
যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটন হবে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারা তাকে হত্যা করতে পারে অনুসন্ধান চলছে।
