আগামী শিক্ষা বর্ষের জন্য ৬৬ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিকের ৩ কোটি ২৮ লাখ বই ক্রয়সহ, ৪৩৮ কোটি ৯৬ লাখ টাকার ৫টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভাশেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আয়ে ঘাটতির বিষয়ে গণমাধ্যমকর্মীদের করা প্রশ্নের জবাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।বিশ্ব অর্থনীতি খারাপ অবস্থায় থাকলেও করোনা সংকটে এখনও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশের অর্থনীতি, বলেন মুস্তফা কামাল।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া ৫টি প্রস্তাবের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। অনুমোদিত ৫টি প্রস্তাবের মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ৬৭ কোটি ১১ লাখ ৬২ হাজার ৬৮২ টাকা এবং বৈদেশিক ও দেশীয় ব্যাংক হতে ঋণ হিসেবে ব্যয় করা হবে ৩৭১ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৯৬৭ টাকা।
সভায় অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, নেপাল সরকারকে ফেরতযোগ্য ঋণ সহায়তা প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো, বাংলাদেশ হতে ৫০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার ১০৯ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮১২ টাকায় ক্রয়ের প্রস্তাব।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতরের ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় ১৫তলা ১টি আবাসিক ভবন নির্মাণকাজ Joint Venture of DU-STI-TEC এর নিকট থেকে ৬৬ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৫৪২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’ প্রকল্পের Component-2 বাস্তবায়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান Joint Venture of (১) RAMBOLL A/S Danmark, (২) EGIS EAU, France (৩) BETS Consulting Services Limited, Bangladesh, (৪) Institute of Water Modelling, Bangladesh এবং (৫) Dev Consultants Limited, Bangladesh ‘কে ১০২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৪৪৫ টাকায় Design & Supervision Consultants (DSC) হিসেবে নিয়োগের চুক্তি স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’ এর Component-1 & 3 বাস্তবায়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান Joint Venture of (১) EGIS EAU, (২) RAMBOLL A/S, (৩) BETS Consulting Services Limited, (৪) Institute of Water Modelling এবং (৫) Dev Consultants Limited ‘কে ১৫৯ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৭১০ টাকায় Project Management Consultant (PMC) হিসেবে নিয়োগের চুক্তি স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অতিরিক্ত ৩ লাখ ২৮ হাজার ৮১৭টি পাঠ্যপুস্তক ৬৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকায় ক্রয়ের সংশোধিত চুক্তি সম্পাদনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি।
