নিজস্ব প্রতিবেদক : দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে দোহার উপজেলার ইসলামপুর খালপাড় এলাকায় অবস্থিত সাতটি ইটভাটার দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উদ্বোধন হলো বর্ণমালা বিদ্যালয়ের দোহার শাখার (২য়) স্বাক্ষরতা কার্যক্রম।
বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ণমালা বিদ্যালয়ের অন্যতম মুখপাত্র দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিব শরীফ। আরও উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় তিনি তরুণ প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও ব্যক্তিগত পক্ষ থেকে বর্ণমালা বিদ্যালয়ের জন্য দশ হাজার টাকা অনুদান দেন এবং এই কার্যক্রমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের বায়োন্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পটভূমির উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র “বিজয়ের গল্প” প্রদর্শনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
