রাজধানীর আদাবরে ১২ কেস (২৮৮ বোতল) বিদেশি বিয়ারসহ মো. রহিম চৌকিদার (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তার কাছে থাকা সিগারেটের কার্টনে ১০ কেস ব্লাক ডেভিল ও দুই কেস ম্যাক্সিমাস এক্স স্ট্রং বিয়ার পাওয়া যায়।
এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মাধব চৌধুরী বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারায় একটি মামলা করেছেন। মামলা নম্বর ১৪।
আদাবর থানা পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের ঢাকা উদ্যান নবোদয় হাউজিং সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেন এসআই মাধব চৌধুরী, মাসুম বিল্লাহ ও আব্দুর রশিদ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রহিম চৌকিদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থাকা সিগারেটের কার্টন থেকে এসব বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এর মধ্যে ১০ কেস বেলজিয়াম ব্লাক ডেভিল ও দুই কেস ম্যাক্সিমাস এক্স স্ট্রং বিয়ার।
জানতে চাইলে আদাবর থানার সহকারী উপপরিদর্শক এসআই মো. মাসুম বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারসহ রহিম চৌকিদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. শাহীদুজ্জামান বলেন, ১২ কেস বিয়ারসহ একজনকে আমরা গ্রেফতার করেছি। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
