কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কষ্টি পাথরের তিনটি মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-১০। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া তিনটি কষ্টিপাথরের মূর্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৪ কোটি টাকা এবং উদ্ধার হওয়া বিদেশি মদের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান মঙ্গলবার রাত ৯ টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি প্রেস ব্রিফিংয়ে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১০ এর একদল সদস্য রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তিনটি কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশী ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। এ সময় মোঃ জাকির হোসেন, আহমদ মোস্তফা, মোঃ আনারুল হক ও মোঃ হাবিবুর রহমান নামে চার ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেনের বাবার নাম শাহরুখ জামান। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রামে। আহমদ মোস্তফার বাবার নাম নজরুল ইসলাম। তার বাড়ি রংপুর জেলার সদর থানা এলাকায়। আটক আনারুল হকের বাবার নাম আব্দুল আজিজ। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চট্টিগ্রামে এবং হাবিবুর রহমানের বাবার নাম মোহাম্মদ রহিম। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার কমলাপুর গ্রামে। উদ্ধারকৃত ২টি কষ্টি পাথরের মূর্তি গুলির মধ্যে একটির ওজন প্রায় ৮৯ কেজি এবং অপরটির ওজন প্রায় ২০ কেজি। প্রত্যক্ষদর্শীদের ধারণা কষ্টি পাথরের এই মূর্তি দুইটি বিষ্ণুদেবের। উদ্ধারকৃত ওপর একটি কষ্টিপাথরের মূর্তির ওজন প্রায় ৯৩ কেজি। প্রত্যক্ষদর্শীদের ধারণা এই কষ্টিপাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কষ্টি পাথরের এই মূর্তিগুলি এবং বিদেশি ব্র্যান্ডের মদগুলি সংগ্রহ করে তারা চোরারা চালানির মাধ্যমে বিদেশে পাচার করত।
