৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মোনতাজ আলীকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগাঁ গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত ২০ অক্টোবর শিশুটিকে দাদার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান তার বাবা। শিশুটির মাও সেখানে ছিলেন।

ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। পরে মা ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বুধবার রাত ৮টার দিকে শ্বশুর মোনতাজ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বুধবার মধ্যরাতে স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজ আলীকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোনতাজ ঘটনার কিছুটা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *