আলমগীর হোসেন: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক, দোহার প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ প্রমুখ।
এসময় সভাপতি মাঈদুল ইসলাম ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস সুন্দর ভাবে উদযাপনের জন্য সকলের কাছে পরামর্শ চান। সকলের পরামর্শে দিবস দুইটি পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় যা রেজুলেশন আকারে শীঘ্রই প্রকাশিত হবে। সভাপতি মাঈদুল ইসলাম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকলের সহযোগিতায় বড় আকারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করলে উপস্থিত সকলেই সম্মতি প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষক-সাংবাদিকদের আলাদা আসনের ব্যবস্থা রাখার বিষয়ে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিক এবং পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন প্রস্তাব দেন। দোহার প্রেসক্লাবের পক্ষে মাহামুদুল হাসান সুমন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
