নিজস্ব প্র্রতিবেদক: ঢাকা জেলা বিএনপির সভাপতি, ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী খন্দকার আবু আসফাক বলেছেন, যারা কখনও দেশের স্বাধীনতা চায়নি, ভাষা আন্দোলনে যারা বাংলা চায়নি। সেই স্বাধীনতা বিরোধী চক্র চক্রান্তে লিপ্ত। বিদেশী শক্রির উপর এখন তারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের উপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাই স্বাধীনতা বিরোধী জামায়াতকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খন্দকার আবু আশফাকের বাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, এদেশ ও এদেশের জনগণ আমাদের, মাটি আমাদের। আমরা স্বাধীন দেশে নিজেরাই দেশ চালাতে যথেষ্ঠ। আমাদের কোন বহির্শক্তির প্রয়োজন নেই। কিন্তু সেই অপশক্তি দেশটাকে অস্থির করতে ষড়যন্ত্রে লিপ্ত। এদেশকে বিদেশীদের কাছে লিজ দিতে চায়। তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা কিছুতেই এই অপশক্তির উত্থান চাই না।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন,নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, বক্সনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়াসহ নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।
