নোয়াখালী প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এজন্য ছাত্রদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু, নোয়াখালী শহর ছাত্রদলের আহ্বায়ক মো.ওয়াসিম, সদস্য সচিব মো.সজিব, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো.আকবর প্রমুখ।
এরআগে সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার।’
