সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : স্ত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন স্বামী। ঘটনাটি ঘটে আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর ব্রীজের নিচে ধলেশ্বরী নদীতে। নিহতের বাড়ি ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আ. করিমের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে শুক্রবার সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর (৩৮) এর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর ব্রীজের নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় পাশেই তার স্বামী বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ দেখতে পায় তার স্ত্রী শাম্মী আক্তার টুনি পানিতে ডুবে যায়। তখন তার স্বামী তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় ২ ঘন্টা খোঁজাখুজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের সংবাদকে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
