সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দোহারে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : ইউরোপের দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করে পোড়ানোর প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দোহার থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা। রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে থানার মোড় এসে সংক্ষিপ্ত আলোচনা ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তারা শুধু কোরআন পোড়ায়নি বরং সমস্ত মুসলিমের হৃদয় পুড়িয়েছে। আমরা এর কোনো ছাড় দিব না।
বক্তারা আরো বলেন, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতীক ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাসি কার্যকর করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দোহার থানা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান হোসেন, হারুন উর-রশিদ, শেখ মোস্তফাসহ সর্বস্তরের তৌহিদী জনতা।
প্রসঙ্গত, সুইডেনের স্টকহোমে গত শনিবার তুরস্কবিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *