এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীরসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতা-কর্মীরা দাবি করেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এ ষড়যন্ত্র চালাচ্ছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, মিথ্যা অভিযোগ ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করে।
