মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রকৌশলী(এলজিইডি)মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বদলি হলেও চেয়ার ছাড়তে নারাজ। অন্যদিকে,চার্জ বুঝে নেয়ার অপেক্ষায় থাকা ইঞ্জিনিয়ার গোলাম সামদানী ১৭ দিন পেরিয়ে গেলেও তার দায়িত্ব বুঝে পাচ্ছেন না। এতে ওই অফিসের উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে বইছে নানা আলোচনা সমালোচনার ঝড় ।
বুধবার(১৫ এপ্রিল) বিকেলে কানাঘুষার এক পর্যায়ে বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে পেরে প্রকৌশল অফিসে গেলে ঘটনার সত্যতা মেলে। এসময় উপজেলা ইঞ্জিনিয়ারের অফিস কক্ষে ঢুকে দেখা গেছে, অফিসের দায়িত্ব প্রধানের বসার চেয়ারটি ফাঁকা। চার্জ বুঝে নিতে পাশের চেয়ারে বসে অলস সময় পার করছেন সদ্য যোগদানকারী প্রকৌশলী গোলাম সামদানী।
এক প্রশ্নের জবাবে তিনি জানান , গত ২৯ মার্চ এই স্টেশনে আমার বদলির অর্ডার হয়। এরপর মানিকগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের সকল কার্যক্রম সম্পন্ন করে প্রতিদিনই দায়িত্ব বুঝে নিতে সিংগাইরে এসে অফিস করছি। দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়া তার প্রমোশন হওয়ার কথাসহ বিভিন্ন অজুহাতে আমাকে চার্জ বুঝিয়ে দিচ্ছেন না। তিনি আরো বলেন, দ্রুত দায়িত্ব বুঝে না পেলে জুন ক্লোজিং ও উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। এ প্রসঙ্গে ওই অফিসের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও মাহাবুল ইসলামকে প্রশ্ন করা হলে তারা এ বিষয়ের কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে, বদলি হওয়া সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন,আশা করছি মাস খানেকের মধ্যেই আমার প্রমোশন হবে। এ কারণে চার্জ বুঝিয়ে দিচ্ছি না। এটা স্যাক্রিফাইজের ব্যাপার ।
তবে অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জুন ক্লোজিংয়ে বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের বিল ভাউচার পাশ হয়। সেখানে উপজেলা ইঞ্জিনিয়ারের একটা ভাগ থাকে। সেই লক্ষ্যেই মূলত চেয়ার ছাড়তে নারাজ প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন,বদলির অর্ডার হলেও চার্জ বুঝিয়ে দিচ্ছেন না ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেব এটা আমি জানি। বিধি মোতাবেক অর্ডার কপি আমার কাছে আসার কথা। কি কারণে পেলাম না সেটাও বুঝতে পারছি না ।
এ ব্যাপারে মানিকগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী (এলজিইডি) হুমায়ুন কবির বলেন, আমি যতটুকু জানি নির্বাহী প্রকৌশলী স্যার দেশের বাইরে থাকলেও ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়া সাহেবকে ফোনে চার্জ বুঝিয়ে দেয়ার জন্য বলেছেন।
