সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশ্যে দিবালোকে গ্রামীন ফোনের এসআরের আড়াই লক্ষ টাকার রির্চাজ কার্ড ও পনের হাজার টাকাসহ ব্যাগ ফাঁকাগুলি করে লুটে নেয়ার অভিযোগ ওঠেছে দুস্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,আজ বুধবার(৫ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের চাকলিয়া চকের মধ্যে ব্রীজের ঢালে। গ্রামীন ফোনের এসআরের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান গ্রামের আব্দুল লতিফের ছেলে মো.লিটন (২৮)।
ভিকটিম লিটন জানান,উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া বাজার থেকে রিচার্জ কার্ড বিক্রি করে চাকুলিয়া চকের মধ্যে রাস্তা দিয়ে জামশা বাজারের উদেশ্যে রওনা হই। পথিমধ্য চাকুলিয়া চকের মধ্যে ব্রীজে পৌঁছালে পিছন থেকে বিকট শব্দ পেয়ে ব্রীজের ঢালে আমার মোটরসাইকেল গতি কমায়। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে দু,জন হেলমেট পরিহিত দুস্কৃৃতকারী দুইজন মোটরসাইকেল যোগে আমার গতিরোধ করে লাথি মেরে ফেলে দেয়। এসময় দুস্কৃতকারিরা অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছে থাকা ব্যাগটি নিয়ে মোটরসাইকেল যোগে জামশা বাজারের দিকে পালিয়ে যায়। আমার ডাকচিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে জামশা বাজার হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান-আমার ব্যাগে আড়াই লক্ষ টাকার রির্চাজ কার্ড ও নগদ পনের হাজার টাকা ছিল। এ ঘটনায় মানিকগঞ্জ সহকারি পুলিশ সুপার মো. হাফিজুর রহমান,মানিকগঞ্জ সদর ও সিংগাইর সার্কেলের এএসপি ভাস্কর সাহা, সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ও ইন্সেপেক্টর তদন্ত আবুল কালাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ সহকারি পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গ্রামীণফোনের এসআরের ব্যাগ খোয়া যাওয়ার ঘটনাটি অধিকতর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
