সিংগাইরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচ ইটভাটাকে জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে অনুমোদন ছাড়া মাটি কাটা এবং অবৈধভাবে ভাটায় ইট পোড়ানোর দায়ে ৫টি ইটভাটাকে নগদ  পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ভ্রাম‍্যমাণ আদালত।
মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নে এ  অভিযান পরিচালিত হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর  কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ও মানিকগঞ্জ জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে অনুমোদন ছাড়া মাটি কাটা এবং অবৈধভাবে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ এর আওতায় মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স এস ওয়াই সি ব্রিকস, মেসার্স আর ই পি ব্রিকস, মেসার্স এন এ এন ব্রিকস ও মেসার্স এইচবিসি সহ ৫টি ভাটার প্রত‍্যেকটিকে ১লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম ও সহকারি পরিচালক লোভানা জামিল। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের  উপ -পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *