মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতক শিশুর পা পুড়ানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খান ওরফে জাহানুর।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে জড়িত ডা. মাহমুদা সুলতানা সাকিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
