সিংগাইরে জমি নিয়ে বিরোধ,ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের ছোড়া ইটের আঘাতে চাচা আমির খান (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির খান ওই গ্রামের হোসেন খানের ছেলে। অপরদিকে অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২), তিনি আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও তার সৎ ভাইয়ের ছেলে ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে গাছের ডালপালা কাটা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  নিহতের পরিবারের অভিযোগ, উত্তেজনার সময় ফয়সাল খান রিফাত চাচা আমির খানকে উদ্যেশে করে ইট ছুড়ে মারলে সে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তর্ক-বিতর্কের একপর্যায়ে আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দেয়ালের পেছন থেকে ঢিল ছোড়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ফয়সাল খান রিফাত পলাতক রয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *