সাবেক বিচারপতি ফজলুর রহমানের করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

জানা গেছে, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান।

প্রসঙ্গত, বিচারপতি ফজলুর রহমানের পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম। তিনি ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

এলএলবি শেষ করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি মুনসেফ হিসেবে নিজের বিচারিক জীবন শুরু করেন। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন। পরে হাইকোর্ট বিভাগে কর্মজীবনের মেয়াদ শেষে তিনি অবসরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *