সব কোচিং সেন্টারও বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

নববাংলা,অনলাইন প্রতিবেদকঃ আগামী ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এসময় সব কোচিং সেন্টারও বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি বুঝে যদি আরও ছুটির প্রয়োজন হয় তাহলে সামনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সেটি অ্যাডজাস্ট করা হবে।’  

তিনি বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে বাড়িতে থাকে তা সবাইকে নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১২ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৬৯ হাজার ৩১৬ জনে। এদের মধ্যে ৭৭ হাজার ২৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *