সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় ডিআরইউর শোক

 নিজস্ব প্রতিবেদক:  সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ)। একইসঙ্গে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
আজ শুক্রবার ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান। অতি দ্রুততম সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নিদের্শ দাতাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে নেতৃবৃন্দ।
ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার পাঠানো বিবৃতিতে বলা হয় , আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাই যোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় বিজয় নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *