নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায়। নবাবগঞ্জে ১৪টি ও দোহারে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে (ইভিএম) মেশিনে দুই উপজেলায় ১৯৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে দোহার ও নবাবগঞ্জের কেন্দ্রগুলোতে।
নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নে ১৪৩টি ও দোহারে ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্ব পালনে নবাবগঞ্জে রয়েছেন ৫ জন রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান, মো. শাহাজালাল, মো. মমিন মিয়া, মো. শহিদুল ইসলাম ও আব্দুর সালাম।
দোহার উপজেলার মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৭শত ৫২ জন। দোহারে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ১৬ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৭ শত ৩৬ জন।
নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৩২০ জন । নবাবগঞ্জে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭২৬ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৫ শত ৯৪ জন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৯ জন ও দোহারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
