সংবাদ প্রকাশের পর সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপে বন্ধ রাস্তা খুলে দিল চেয়ারম্যান

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জের ধরে যাতায়াতের রাস্তা বাশেঁর বেড়া দিয়ে আটকিয়ে তিন সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছিল এক দিন মজুর পরিবারকে। এ নিয়ে গত রোববার “পারিবারিক কলহে রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ দিনমজুর পরিবার” শিরোনামে “নববাংলা” অনলাইন সংস্করণে ফলাও করে সংবাদ প্রকাশ হলে পুলিশ প্রশাসনের নজরে আসে।

তাৎক্ষনিক সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক এর নির্দেশে পুলিশ উপ-পরিদর্শক মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন নিজ দায়িত্বে বেড়া খুলে দেয়ার প্রতিশ্রুতি দেন।

পরে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে চেয়ারম্যান বন্ধ রাস্তা খুলে দেয়।

ভুক্তভোগী আজাহার মন্ডলের স্ত্রী হাজেরা খাতুন জানান- পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আমার যাতায়াতের বন্ধ রাস্তা খুলে দেয়া হয়েছে। এ জন্য পুলিশ প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন- যাতায়াতের রাস্তা বন্ধ করে ১টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা এটা অমানবিক কাজ। প্রত্রিকায় বিষয়টি দেখে ঘটনার সত্যতা পেয়ে বেড়া খুলে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *