নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর এলাকায় সড়ক দখল করে প্রভাবশালী ব্যক্তিদের বাড়িঘর ও ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে একের পর এক স্থাপনা নির্মাণের ফলে টিকরপুর-চকবাড়ি সড়কটি দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান ও বিভিন্ন ধরনের সবজি আনা-নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটির স্বাভাবিক প্রশস্ততা ক্রমেই হ্রাস পাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়রা জানান, টিকরপুর-চকবাড়ি সড়কটি এলাকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশপাশের মাঠ থেকে ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য এই সড়ক দিয়ে বাজারে নেওয়া হয়। কিন্তু সড়কটি সংকীর্ণ হয়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ বড় যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সাবেক মেম্বার শেখ ফরিদ আহমেদ বলেন, “বহু বছর ধরে এই সড়কটি কৃষকদের দাবি। সড়কটি প্রশস্ত ও সংস্কার করা হলে কৃষকসহ এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। কিন্তু সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে সমস্যাটি দিন দিন জটিল হচ্ছে।
ঢাকা মহনগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির আলম বলেন, এই সড়কটি প্রায় ৩০ বছর ধরে সংস্কার হয়নি। সড়কটি নির্মাণ করা হলে এই গ্রামের চিত্রই পাল্টে যাবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে সড়কটি তুলনামূলকভাবে প্রশস্ত ছিল। এখন বিভিন্ন জায়গায় সড়কের পাশে স্থাপনা নির্মাণ হওয়ায় চলাচলের জায়গা কমে গেছে। প্রশাসনের উচিত সরেজমিনে পরিদর্শন করে সড়কের জায়গা চিহ্নিত করা।
আরেক বাসিন্দা তোতা মিয়া বলেন, এই সড়কটি শুধু সাধারণ মানুষের চলাচলের জন্য নয়, কৃষকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ও ফসল কাটার মৌসুমে ভোগান্তি আরও বেড়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণ বা উদ্ধার করে প্রশস্ত করা দরকার।
একই এলাকার আরেক বাসিন্দা ইয়াকুব আলীর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা সড়কের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পান না। প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির উন্নয়নের দাবি জানানো হচ্ছে। এবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।
এদিকে, টিকরপুর-চকবাড়ি সড়কের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সড়কের সীমানা নির্ধারণ, অবৈধ দখল চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, “সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
