এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন কোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোলাপাড়া এলাকায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ গ্রুপের কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিফাত হোসেন জয় তার লোকজন নিয়ে অপর গ্রুপ শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর দুটি ব্যানার সরিয়ে নিজের ব্যানার টানিয়ে দেন। সংবাদ পেয়ে বুধবার বিকেল ৩টার দিকে মমিন আলীর গ্রুপের কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক ইসলাম শেখ ঐ ব্যানার সরিয়ে মমিন আলীর ব্যানার টানালে শেখ মোঃ আব্দুল্লাহ ও মমিন আলী দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে মমিন আলীর গ্রুপের ১৫-২০ জন সমর্থক শেখ মোঃ আব্দুল্লাহ গ্রুপের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক কায়েস বেপারীর বাড়িতে আধিপত্য বিস্তারে মহড়া দিতে গেলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর পিএস রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ব্যানার সরিয়ে অন্য গ্রুপের ব্যানার টানানোকে করে এই ঘটনা ঘটে।
এব্যাপারে কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক কায়েস বেপারী বলেন, মমিন আলী গ্রুপের সমর্থকরা আজ বিকেলে আমার বাড়ীতে এসে আমাকে নানা ভয়ভীতি দেখায়।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা বলেন, আমি এ ঘটনার বিষয়ে কোন কিছু অবগত নই।
