শ্রদ্ধা-ভালোবাসায় নবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক খানের শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মাহবুবুল হক খান বাদল (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামের মৃত তোজাম্মেল হক খানের বড় ছেলে ছিলেন। দোহার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

মাহবুবুল হক খান বাদল দীর্ঘ দিন যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দুই মাস যাবত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ( ২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন।

এদিন দুপুর ১২ টায় নবাবগঞ্জ সদর শহীদ মিনার চত্বরে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ যোহর দ্বিতীয় জানাযা শেষে আলগীচর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মাহবুবুল হক খান বাদলের মৃত্যুতে সোমবার দুপুর দেড়টায় সাংবাদিকরা নবাবগঞ্জ প্রেসক্লাবে তার স্মৃতি চারণে একটি আলোচনা সভা করেন।

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  সভায় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *