আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আব্দুল ওয়াহেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল এবং ঢাকা জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. খন্দকার ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে সরকারি অনুদানের চাল ও জেলা পরিষদের নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, পূজামণ্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
