শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় ধলেশ্বরী ব্রিজের নিচে মাঠের পাশে একটি শহীদ মিনার থেকে শিহাব (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় শিহাবের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিহাব সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিম মিয়ার বড় ছেলে। দীর্ঘদিন ধরে সে তার নানা আকরামের বাড়িতে বসবাস করছিল। জীবিকার তাগিদে সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। তবে শনিবার ছুটি নিয়ে সে কর্মস্থলে যায়নি।

নিহতের মা মুক্তা আক্তার জানান, শনিবার শিহাব তাকে বলেছিল, সে রাতে এক বন্ধুর সঙ্গে থাকবে। এরপর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে পরিবারের লোকজন তাকে খুঁজলেও পাওয়া যায়নি। পরদিন সকালে শহীদ মিনার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পান তারা।

এদিকে শিহাবের চাচা মো. সোহেল দাবি করেন, তার ভাতিজার মুখের পাশে বিড়ির আগুনের মতো দাগ দেখা গেছে। তিনি বলেন, “শিহাব যদি আত্মহত্যা করে থাকে, তাহলে তার মুখে এ দাগ কীভাবে এলো? এর আগে তো তার মুখে কোনো দাগ ছিল না।” বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, “জাগীরের মেঘশিমুল এলাকায় ধলেশ্বরী ব্রিজের নিচে মাঠের পাশে শহীদ মিনার থেকে শিহাব নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *