রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলদের স্মারকলিপি

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু: ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও অন্যান্য কর্মীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারি বেতন-ভাতার আওতায় আনার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৮/৫/২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের হাতে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিরা। পরে এটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মচারীরা সীমিত সম্মানীতে দায়িত্ব পালন করে আসছেন। দেশের শিশুদের ধর্মীয়, নৈতিক ও প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনও চাকরির নিরাপত্তা ও কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন রাণীশংকৈল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, শিক্ষক মিন্টুন রায়হানসহ প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারী।

কর্মসূচিতে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গ্রামীণ জনপদে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ কার্যক্রমের সঙ্গে জড়িতদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *