রাজশাহীতে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে সেলিম (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

নিহতের স্বজনরা বলছেন, অ্যালকোহল পান করার কারণে সেলিমের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে সেলিম বিষক্রিয়ায় মারা গেছেন।

এদিকে অ্যালকোহল পানের পর সঙ্কটাপন্ন অবস্থায় আরও দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হলেন- উপজেলার রেলগেট ভাটাপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে গোলাম রাব্বানী (৪০) ও রেলগেট এলাকার ভুলুর ছেলে জিয়া (৪০)। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অসুস্থ ওই তিনজনকে রামেক হাসপাতালে নেয়া হয়।

নিহত সেলিমের বড় ভাই হালিম জানান, তার ভাইসহ তিনজন অতিরিক্ত অ্যালকোহল পান করেছিলেন। এতেই তার ভাই মারা গেছেন।

তবে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে জানানো হয়েছে সেলিম বিষক্রিয়ায় মারা গেছেন। এ নিয়ে তার পরিবার থানায় কিছু জানায়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *