নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের থানার মোড়, কলেজ মোড় ও ওয়ান ব্যাংক মোড়ে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন দোহার থানা পুলিশ। এবিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল। এরই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) দুপুর থেকে জয়পাড়া বাজারের ফুটপাত ও যানজট নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয়পাড়া থানার মোড় ওয়ান ব্যাংক মোড়, জয়পাড়া সরকারি টেকনিক্যাল কলেজ থেকে শুরু করে জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বর এবং পর্যন্ত রাস্তার দু’পাশের যানজট ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল নববাংলাকে বলেন, জনসাধারনের সূবিধার্থে জয়পাড়া বাজারের যানজট নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিনে প্রাথমিকভাবে সকলকে রাস্তার পাশে পার্কিং না করার জন্য সতর্ক করা হয়েছে।। এরপরেও যদি কেউ নির্দেশনা অমান্য করে আমাদের কথা না শুনে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন, এস আই রাকিব, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, জয়পাড়া পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা।
