এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মেট্রোরেল প্রকল্পে এখনো আওয়ামী দোসররা কর্মরত রয়েছে, তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না তা খতিয়ে দেখতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদরাসায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, এপর্যন্ত মেট্রোরেল লাইনে দুইবার দুর্ঘটনা ঘটেছে। আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো- দ্রুত সবকিছু খতিয়ে দেখুন, যেন আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে। ছোট দুর্ঘটনা থেকেই বড় দুর্ঘটনার সূত্রপাত হয়, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে।
পরে তিনি সৈয়দপুর, রাজানগর, বরাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাসেমী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
