মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায়

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কোরাল মাছ। মোট ৩৩ কেজি ওজনের মাছ দুটি বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। ওই মাঝির বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নে শুল্লকিয়া গ্রামে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকার সুমি ফিস এজেন্সি আড়তে মাছ দুটি নিলামে বিক্রি করা হয়। মাছ দুটি ধরেছেন উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের জেলে সমির মাঝি।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারে করে মাছ দুটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে কোরাল জাল ফেলে মাছ দুটি ধরা হয়। তিনি আরও জানান, আড়তে আনার পর মাছ দুটি ডাকে তোলা হলে কেজিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা দর ওঠে। পরে ওজন করে দেখা যায়, মাছ দুটির মোট ওজন ৩৩ কেজি। সে অনুযায়ী মাছ দুটির বিক্রয়মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ২০০ টাকা। পরে চেয়ারম্যান ঘাটের এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

বড় আকৃতির কোরাল মাছ দেখতে এ সময় আড়তে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। অনেকেই মাছের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *