মৃত্যু সবার জন্য অবশ্যম্ভাবী, ফেসবুক পোস্টে বন্দুকধারী

ডেস্ক নিউজ : থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় কোরাতের একটি শপিং মলের বাইরে বন্দুকধারী সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

হামলাকারী এরইমধ্যে বেশ কয়েকজনকে জিম্মায় নিয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম সার্জেন্ট জাকরাপাথ থোম্মা বলে জানা গেছে। 

এদিকে হামলার আগে সন্দেহভাজন ওই হামলাকারী তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, মৃত্যু সবার জন্য অবশ্যম্ভাবী। এছাড়া তিনি তার পেজে হাতে পিস্তল ও গুলির ছবিও পোস্ট করেন। তাতে ক্যাপশন লেখেন, ‘উত্তেজিত হওয়ার সময় এসছে’।

শুধু তাই নয়, স্থানীয় সময় শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ফেসবুক লাইভে গিয়ে তিনি হামলা চালান। এ সময় তিনি লেখেন, ‘খুবই ক্লান্ত’।

ওই সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে বাহিনীর যান চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়। পথে সে একটি গির্জায়ও গুলি চালায়।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এ সময় হামলাকারী ‘আমি খুবই ক্লান্ত, আমি আমার আঙুল আর নাড়াতে পারছি না’ বলে চিৎকার করতে থাকে। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিও ফুটেজে শোনা যাওয়ার কথা বলা হয়েছে। হামলার পর ঘটনাস্থলে আগুনও ধরে যায়। 

শেষ খবর পর্যন্ত পুলিশ হামলাকারীকে আটক করতে পারেনি। তবে থাই স্পেশাল পুলিশ অভিযানের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *