এম এ কাইয়ুম মাইজভাণ্ডারী(
মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে। গত সোমবার(৪ নভেম্বর) মিরকাদিম পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোঃ মিন্টুসহ ৫ জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ঐ এলাকার মিন্টুসহ তার স্ত্রী মুক্তা বেগম ও আনোয়ার মিয়ার স্ত্রী আলো বেগমের আশ্রয় প্রশ্রয়ে মিন্টু মিয়ার ছেলে তন্ময় ও আলো বেগমের ছেলে আল-আমিন এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সাথে জড়িত রয়েছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন একাধিকবার জেল হাজত খেটে জামিনে আসে। গত সোমবার ওসমান গনির বাড়ীসহ এলাকার বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদর্শন করে। ঐদিন দুপুরে ওসমান গনি ও তার ছোট ভাই ফয়সাল বাড়ী হতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নগরকসবা গ্রাম এলাকায় পৌছলে মিন্টুগং তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে। এসময় মিন্টুগংয়ের হাতে থাকা সুইসগিয়ার দিয়ে পোচ মেরে ওসমান গনি ও ফয়সালকে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মিন্টুগং নাশের হুমকি দিয়ে চলে যায়। মিন্টুগং পুনরায় ওসমান গনির বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তার স্ত্রীসহ ছোট বোন ও মাকে বেধম মারধর করে আহত করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
