মুন্সীগঞ্জে আরও একজন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; যিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

আক্রান্ত ব্যক্তির বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাড়ি আসেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আহমেদ জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে শনিবার তারা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান। সোমবার সকালে তারা আইইডিসিআর থেকে জানতে পারেন ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন। লৌহজং উপজেলায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

এ নিয়ে মুন্সীগঞ্জ জেলায় মোট ১৩ জন আক্রান্ত হওয়ার প্রতিবেদন পাওয়া গেছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, নাগেরহাট গ্রামের আক্রান্ত ব্যক্তি এখনও বাড়িতেই আছেন। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ওই ব্যক্তির বাড়ি অবরুদ্ধ করবে। প্রয়োজন হলে পুরো গ্রামটি অবরুদ্ধ করা হবে। ওই ব্যক্তি বাজারে গিয়েছিলেন। তাই হয়ত নাগেরহাট বাজারও অবরুদ্ধ করা হতে পারে।

ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসছে তাদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *