মাঠে বসে বাংলাদেশের খেলা দেখলেন জাভি হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক : কাতারের রাজধানী দোহায় অবস্থিত আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে খেলতে নেমেছে বাংলাদেশ। সামাজিক দূরত্ব মেনে মাঠে উপস্থিত ২ হাজার দর্শক। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়।

খেলায় স্বাভাবিকভাবেই একাধিপত্য বিস্তার করে খেলছিল স্বাগতিক কাতার। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে আগামী বিশ্বকাপের স্বাগতিকরা।

ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা বেশ কয়েকবারই গ্যালারির বিভিন্ন জায়গায় ঘুরে আসছিল। হঠাৎ, কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ। স্থির থাকে একটি চেহারার ওপর। তিনি আর কেউ নন। জাভি হার্নান্দেজ। বার্সার সাবেক অধিনায়ক, লিওনেল মেসি, ইনিয়েস্তা, নেইমার, সুয়ারেজদের সতীর্থ, স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী তারকা।

এই কাতারকে ২০১৫ সাল থেকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বানিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনার জার্সি শো’ কেসে তুলে রাখার পর ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর তিনি খেলেছেন কাতারের ক্লাব আল সা’দে।

২০১৯ সাল থেকে এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ভবিষ্যতে যে জাভি বার্সেলোনার কোচ হবেন তাতে সন্দেহ নেই। আজ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দেখার জন্য তিনি উপস্থিত হলেন স্টেডিয়ামে। নিশ্চিত, তার ক্লাবের ফুটবলারদের পারফরম্যান্সও এ ফাঁকে পরখ করে নিলেন তিনি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *