ভোমরা বন্দর দিয়ে চার দিনে এলো হাজার টন পেঁয়াজ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনটি ট্রাকে করে দেশে ঢুকেছে ৪৬ টন ভারতীয় পেঁয়াজ। এনিয়ে গত চার দিনে মোট ৪৩টি ট্রাকে প্রায় ১ হাজার টন ভারতীয় পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। ভারতীয় নিষেধাজ্ঞায় গত ১০-১২ দিন ধরে ট্রাকে বস্তাবন্দি অবস্থায় পেঁয়াজগুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে।

ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার তিনটি ট্রাকে করে দেশে ঢুকেছে ৪৬ টন ভারতীয় পেঁয়াজ। আর বাংলাদেশ থেকে ৫৮টি ট্রাকে করে বিভিন্ন মালামাল রফতানি হয়েছে। এর আগে সোমবার চারটি ট্রাকে ৯৬ টন ও রোববার পাঁচটি ট্রাকে ১০৮ টন এবং শনিবার ৩১টি ট্রাকে ৭২১ টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে।

এছাড়া গত মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১ লাখ ৯৫৬ টন পেঁয়াজ আমদানি হয়। মার্চে ১৮ হাজার ২১২ টন, জুলাইয়ে ৩৮ হাজার ৩৩৮ টন, আগস্টে ২৬ হাজার টন এবং ১৩ সেপ্টেম্বরের পর্যন্ত ১৭ হাজার ৯৬৩ টন পেঁয়াজ এসেছে। মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিল, মে ও জুনে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, মঙ্গলবার মোট তিন ট্রাকে করে ৪৬ টন পেয়াঁজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এনিয়ে, গত চার দিনে ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *