বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। পরে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *