বেগম খালেদা জিয়া আমাদের আবেগ,খন্দকার আবু আশফাক

আব্দুর রাহিমঃ   ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তাঁর এ বিদায় জাতির জন্য অপূরনীয় ক্ষতি।
ঢাকার দোহার উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোহার উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠন এর আয়োজনে এ দোয়া মাহফিল করা হয়।
খন্দকার আবু আশফাক বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য, মা-বোনদের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন অটল। স্বামী ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত পরবাসে ছিলেন। তবুও জীবনের শেষ সময়েও তিনি ছিলেন আপোষহীন।
দোহারবাসীর উদ্দেশ্য বলেন, আজ নির্বাচনী কোন সভা নয়। তবুও আমি বলবো, আমি নির্বাচিত না হলেও আপনাদের সাথে আছি, থাকবো।
দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদ খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুদলের সহ-সভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জজ কোর্টের বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব সিকদার, অ্যাডভোকেট মনির হোসেন রানা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু মোল্লা প্রমুখ। পরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *