মো. কামাল হোসেন : বীর মুক্তিযোদ্ধা আ.কাদের শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ঢাকার দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে শনিবার (১১ জুলাই) বাদ জোহর তাকে দাফন করা হয় তারই প্রতিষ্ঠিত উপজেলার বিলাসপুর ইউনিয়নের মাঝিরচর আয়েশা সিদ্দিক (রা) মহিলা মাদরাসার পাশে। শেষ শ্রদ্ধা জানাতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই শত শত মানুষ আসে তার বাড়িতে।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা এবং থানা প্রশাসনের কর্মকর্তারা, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সেক্রেটারি আ. রহিম, দোহার থানা শাখার সেক্রেটারি মো.নাইম হোসেনসহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বীর মুক্তিযোদ্ধা আ. কাদের শিকদার ছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধের একজন লড়াকু মুক্তিযোদ্ধা। তিনি কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং দীর্ঘদিন যাবৎ ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা আ. কাদের শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
