বারুয়াখালী উচ্চ বিদ্যালয় ছাত্র সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টায় উপজেলার বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউনিয়নের দরিদ্র ও কর্মহীন ২৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী সহায়তা করে সংগঠনটি। সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, চিনি, লবণ ও সেমাই ইত্যাদি।
প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি মো. মোরশেদ খাঁন বলেন, করোনা ভাইরাসের কারণে পরিবার-পরিজন নিয়ে কর্মহীন মানুষগুলো অসহায় জীবন যাপন করছেন। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

করোনা ভাইরাসের এই দুর্দিনেও আমাদের সংগঠনের কার্যক্রম বন্ধ নেই। আগামী দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে সংগঠনে যারা আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এরকম মানবতার সেবায় এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানাচ্ছি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রাক্তন ছাত্র সংগঠনের সাবেক সভাপতি বিমল সরকার ও সাধারণ সম্পাদক মিঠু দেওয়ানসহ সংগঠনটির ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *